আরফিন রুমি ও পড়শীর ‘সত্যি করে বল’

আপডেট : ২২ জুন ২০১৬, ১৮:৪২
 
 
আরফিন রুমি ও পড়শী, দুজনারই শ্রোতা ভক্ত বা ফেসবুক ফলোয়ার ঈর্ষনীয়। এর আগে একাধিক দ্বৈত গান পেয়েছে জনপ্রিয়তার তকমা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে আবারও এই গানের জুটি এক হলেন। ‘সত্যি করে বল’ শিরোনামের গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি নিজেই। ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশ পেতে যাওয়া রুমির নতুন একক অ্যালবামে থাকছে গানটি। সম্প্রতি রুমির নিজস্ব স্টুডিওতে গানটি ধারণ করা হয়।
এ প্রসঙ্গে রুমি বলেন, ‘আমার সঙ্গে পড়শীর গাওয়া বেশ কিছু গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় গানটি করলাম। পড়শী গেয়েছেও অসাধারণ। আমার মনে হয় শ্রোতাদের কাছে গানটি ভালো লাগবে।’
অন্যদিকে পড়শী বলেন, ‘বিভিন্ন কারণে দীর্ঘদিন রুমি ভাইয়ের সঙ্গে কাজ করা হয়নি। তার সঙ্গে আমার গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আবারো নতুন গান করলাম। আশা করি এবারও শ্রোতাদের পছন্দ হবে।’
উল্লেখ্য আরফিন রুমির নতুন অ্যালবামটিতে থাকছে মোট তিনটি গান। এর মধ্যে দুটি দ্বৈত ও একটি একক গান রয়েছে। দ্বৈত গানের অন্যটিতে কন্ঠ দিয়েছেন ঐশী।