ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।
বুধবার গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসার একেএম মোসা বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহামেদ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত শামছুজ্জামান জামাল, ন্যাপ মনোনীত প্রার্থী জেলা ন্যাপের সভাপতি আ. মতিন মাস্টার, ইসলামী ঐক্যজোট মনোনীত কেন্দ্রীয় নেতা আবু তাহের, স্বতন্ত্রপ্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক ও স্বতন্ত্রপ্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক নাজনীন আলম।
৯ জুন এই আসনে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ জুন এবং ভোট গ্রহণ হবে ১৮ জুলাই। গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৩৬ জন।
গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপির মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।
