জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ১১ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ-এর বিচারক আবু আহমেদ জমাদ্দার এ দিন ধার্য করেন।
এ দিন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। কিন্তু মামলার বাদীকে পুনরায় জেরা করতে না দেয়ায় খালেদা জিয়ার করা দুটি রিভিশন আবেদন হাইকোর্টে খারিজাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় আদালতের কাছে আত্মপক্ষ সমর্থন পেছানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া। খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় অপর একটি আবেদনও করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষের সমর্থনের জন্য ১১ আগস্ট দিন ধার্য করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
