জঙ্গিবাদ ঠেকাতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী যে কার্যক্রম নিয়েছি, তার ফলে বাংলাদেশে আজ শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এখানে দেশবাসীর সহযোগিতা চাই। কারণ কিছু তো থাকেই সবসময় একটা ষড়যন্ত্রে লিপ্ত।’
আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় একথা বলেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছে, সুরক্ষিত করেছে, আর্থ-সামাজিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই কামনা করি।
শেখ হাসিনা বলেন, জনগণের সকলের সহযোগিতায় কিন্তু আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করতে পেরেছি। দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে পেরেছি। আমি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
