দেশে বিগত একবছরে হিন্দু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ২০১৫ সালের হিসাবে, দেশের মোট জনসংখ্যার ১০ দশমিক ৭ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। আগের বছর এর হার ছিল ৯ দশমিক ৯ শতাংশ।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়। প্রতিবেদনে বাংলাদেশের মোট জনসংখ্যা বলা হয় ১৫.৮৯ কোটি। এছাড়া বাংলাদেশের মানুষের গড় আয়ুও বৃদ্ধি পেয়েছে।
এতে উল্লেখ করা হয়, ২০১১ সালে দেশের মানুষের গড় আয়ু ছিল ৬৯ বছর, আর ২০১৫ সালে তা বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ৯ বছর হয়েছে। বুধবার ঢাকায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত 'রিপোর্ট অন বাংলাদেশ সেম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৫' প্রকাশ করা হয়। পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অনুষ্ঠানে
রিপোর্ট অন বাংলাদেশ সেম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৫'-এর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।
রিপোর্টে মোট ১৫টি ক্ষেত্রে পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রকাশিত এই রিপোর্টে বলা হয়, ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটি ৮০ লাখ ৯০ হাজার (১৫৮.৯ মিলিয়ন), যা ২০১১ সালে ছিল ১৫ কোটি ৬০ হাজার (১৫০.৬ মিলিয়ন)।
এর আগে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী হিন্দু জনংখ্যা ছিলো ১.৫৫ কোটি। এক বছরেই এই সংখ্যা বেড়েছে ১৫ লাখ।
তবে দেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা আশঙ্কা করেছিলেন, নিরাপত্তার অভাবে দেশে দিনদিন হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের হিন্দুরা ভারতের পাড়ি জমাচ্ছে।
তবে এই পরিসংখ্যান একটু ভিন্ন কথাই বললো। একইভাবে এক বছরের ব্যবধানে বেড়েছে খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সংখ্যাও। বিবিএসের হিসাবে, মোট জনসংখ্যার ১ দশমিক ১ শতাংশ খ্রিষ্টান ও অন্য ধর্মাবলম্বী। ২০১৪ সালে এ হার ছিল দশমিক ৯ শতাংশ।
