অলিম্পিক থেকে কুয়েতকে বহিষ্কার করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ১ বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে দেশটির সর্বোচ্চ ক্রীড়া সংস্থা।
সুইস কোর্টের মাধ্যমে এই ক্ষতিপূরণ দাবির কথা নিশ্চিত করেছেন কুয়েতের যুব ও তথ্য মন্ত্রণালয়। গত বছর অক্টোবর ক্রীড়াক্ষেত্রে সরকারী হস্তক্ষেপের কারণে আইওসি ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা কুয়েতকে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ ঘোষণা করে।
এ সম্পর্কে কুয়েতের যুব ও তথ্যমন্ত্রী শেখ সালমান আল হামুদ আল সাবাহ বলেছেন সঠিক তদন্ত না করেই রিও অলিম্পিক থেকে কুয়েতি এ্যাথলেটদের নিষিদ্ধ করার বিষয়টি কোনমতেই মেনে নেয়া যায়না। তিনি আরো বলেছেন, এটা অন্যায়। এ ব্যপারে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।
ক্ষতিপূরণের ব্যপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান শেখ সালমান। উল্লেখ্য আইওসি ও ফিফা ছাড়াও আরো ১৬টি আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন কুয়েকতে ব্ল্যাকলিস্ট করেছে। জানুয়ারিতে ১৫জন কুয়েতি ক্রীড়া কর্মকর্তার বিপক্ষে দেশটির সরকার দূর্নীতির অভিযোগে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে।

এই তালিকায় ছিলেন এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ) প্রধান শেখ আহমেদ আল ফাহাদ আল-সাবাহ।
২০০৭ সালের পর থেকে এই নিয়ে তৃতীয়বারের মত ফিফা ও আইওসি সরকারি হস্তক্ষেপের কারণে কুয়েতকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বহিষ্কার করেছে।
