লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ৭ উইকেট নিয়েছেন সাকলাইন সজিব। দলকে এনে দিয়েছেন বড় জয়। তবুও এক উইকেটের আফসোস থেকে গেছে তার। একটি উইকেট নিলেই নিজের করে নিতে পারতেন অনন্য এক রেকর্ড।
বুধবার ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়েছেন আবাহনীর সাকলাইন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং। সেরা বোলিং আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের। ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেট নিয়েছিলেন ১৭ রানে।
বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭ উইকেট আছে আর একটিই। ২০১৩ সালে ঢাকা লিগেই ব্রাদার্সের হয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৫ রানে ৭ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৮ উইকেট নেওয়ার হাতছানিও ছিল সাকলাইনের। তার ১০ ওভার হতে ছিল আরও ৪ বল, প্রাইম ব্যাংকের উইকেটও ছিল একটি। কিন্তু চোটের কারণে ব্যাটিংয়ে নামলেন না নাজমুল ইসলাম অপু। সাকলাইনও তাই সুযোগ পেলেন না চেষ্টার।
৭ উইকেট পাওয়ার তৃপ্তি আছে। আছে দলকে জেতানোর আনন্দ। তবে ম্যাচ শেষে এই স্পিনার জানালেন, একটু আফসোসও আছে আরেকটি উইকেটের জন্য।
