ভেজাল সেমাই ও মিছরি তৈরির অপরাধে দুই প্রতিষ্ঠানের লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:১১
অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে নিম্নমানের ভেজাল সেমাই ও মিছরি তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে একলক্ষ বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, ১-এপিবিএন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
 
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, কামরাংঙ্গীর চরের মাতবরবাজার এলাকার ভাই ভাই প্রোডাক্টস দীর্ঘদিন যাবৎ আশার আলো নামে নোংরা পরিবেশে সেমাই তৈরি করে আসছে। দুর্গন্ধযুক্ত নালার সন্নিকটে হওয়ায় সামগ্রিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর মনে হয়। সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটির মালিক দীন ইসলামকে সত্তর হাজার টাকা জরিমানা ও অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জামান ফুড প্রোডাক্টস এর তৈরি মিছরিতে মরা মাছি ও ময়লা দেখা যায়। 
 
মাটির মেঝেতে কোন ধরনের আচ্ছাদন ব্যতিরেকে প্রস্তুতকৃত মিছরি প্যাকেটজাত করছিল প্রতিষ্ঠানটি। সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হক মোল্লাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
১- এপিবিএন এর এএসপি ইমরান আসহাব জানান, প্রতিষ্ঠান দুটিকে দীর্ঘদিন নজরদারী করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় বিপুল পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি মিছরি ও সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। রমজান ও ঈদ উপলক্ষে এ ধরণের প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারির মধ্যে রেখে অভিযান অব্যাহত রাখা হবে।
 
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটোকে স্বাস্থ্যকর উপায়ে সেমাই ও মিছরি প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএসটিআই ফিল্ড অফিসার এএনএম ফরহাদ হোসেন।