পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত-শিবির দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র শুরু করেছে। তারা গুপ্ত হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের চিরিরবন্দরে নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন চক্রান্তই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান গতিকে রোধ করতে পারবে না। জনগণ এসব চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তিনি সবাইকে বিএনপি-জামায়তা ও শিবিরের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতি সভাপতিত্ব করেন নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেডএইচ মোহাম্মদ আলী শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান প্রমুখ।
