বিলুপ্ত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি!

আপডেট : ২৩ জুন ২০১৬, ১৭:৫২
আবার শঙ্কায় পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যত। ২০২১ সালে ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টের পর আর মাঠে নাও গড়াতে পারে এই জনপ্রিয় আসর। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে ক্রিকেটর জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।
 
এমনকি সামনের বছর ইংল্যানে অনুষ্ঠিতব্য আসরের পরই বিলুপ্ত হয়ে যেতে পারে এটি। ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করতে যাওয়া ওয়ানডে লিগের কারণে এমনটা ভাবা হচ্ছে। যদিও এখনো ওয়ানডে লিগের বিষয়টি চূড়ান্ত নয়।
 
এর আগে ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি বিলুপ্ত করার পরিকল্পনা ছিলো। কিন্তু সেবারের বিপুল ব্যবসায়িক সাফল্য আইসিসিকে পুনরায় ভাবাতে বাধ্য করে।
তবে এবার আইসিসির ওয়ানডে লিগের কারণে আবারও এটি বাতিলের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রস্তাব অনুযায়ী ১৩টি দল তিনবছর মেয়াদী এই লিগে অংশ নেবে।
বিশ্বকাপ ছাড়া একটি ওয়ানডে লিগের পাশাপাশি আরেকটি ৫০ ওভারের টুর্নামেন্ট রাখাটা বাড়াবাড়ি বলে মনে করেন অনেকে। জনপ্রিয় এই টুর্নামেন্টের পরবর্তী আসর চলবে ১৮ দিন। ম্যাচ হবে মাত্র ১৫টি।
 
আইসিসিরি এক মুখপাত্র ক্রিকইনফোকে জানান, ‘২০২১ সালের টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এরপর কি হবে আমরা এখনো বলতে পারছিনা।’