খুলনায় অস্ত্র মামলায় ইব্রাহিম শেখ (৪২) নামে এক চরমপন্থিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি ইব্রাহিম শেখ আদালতে উপস্থিত ছিলেন। ইব্রাহিম শেখ রূপসা উপজেলার রামনগর গ্রামের মো. আবুল শেখের ছেলে।
জানা গেছে, ২০১৪ সালের ২৪ এপ্রিল রাতে রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ নন্দনপুর গ্রামের জনৈক হাবিবুর রহমানের বাগান বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম শেখকে আটক করে। পরে ইব্রাহিমের স্বীকারোক্তি অনুযায়ী ওই বাগান বাড়ির পাশ থেকে একটি পাইপগান, ১ রাউন্ড তাজা গুলি ও একটি গুলির ঘোসা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতেই এসআই আসাদুজ্জামান রূপসা থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৯ মে রূপসা থানার এসআই আব্দুল করিম ইব্রাহিম শেখকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
