৬ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে ত্রিদেশীয় ওয়ানডে ক্রিকেট সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেখানে তাদের প্রতিপক্ষ হবার লক্ষ্যে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
ফাইনালের টিকিট পাওয়া প্রোটিয়াদের জন্য যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি কঠিন ক্যারিবীয়দের। সমীকরণ যাই হোক, ফাইনালে উঠার স্বপ্নে বিভোর দু’দলই। ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
টুর্নামেন্টের তৃতীয় ও শেষ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ফলে তৃতীয় ও শেষ রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় মহা গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচের ফলাফলের পর পাওয়া যাবে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কে হচ্ছে?
৫ খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে প্রোটিয়ারা। আর সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার রান রেট হল, +০.৬৯৭। আর ক্যারিবীয়দের রান রেট, -০.৯৮৮।
অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টে ব্যবধান ৪। আবার রান রেটেও অনেক বেশি এগিয়ে প্রোটিয়ারা। তাই ফাইনালের পথে এক পা দিয়েই রেখেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের কাছে তৃতীয় রাউন্ডের ম্যাচ হেরে গেলেও, ফাইনালে চলে যাবে প্রোটিয়ারা।
কারণ রান রেটে অনেক এগিয়ে তারা। সেক্ষেত্রে অনেক বড় ব্যবধানে না হারলেই চলবে আমলা-ডুমিনিদের। অর্থাৎ ক্যারিবিয়দের বোনাস পয়েন্ট না পাওয়া নিশ্চিত করতে হবে।
তবে ফাইনালে যেতে অনেক কঠিন সীমকরণ মেলাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারাতে হবে ক্যারিবীয়দের। সেক্ষেত্রে তাদেরকে বোনাস পয়েন্ট পেতে হবে। তাই কাজটি অনেক বেশি কঠিনই হবে ক্যারিবিয়ানদের জন্য।
ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন হোল্ডার বলেন, ‘কাজটা অনেক কঠিনই হবে। তারপরও আমরা জানি, ক্রিকেটে যেকোন কিছু ঘটতে পারে। আমাদের সামনে যে চ্যালেঞ্জই আসুক, আমরা তা উতরে যাবো। ফাইনালে খেলতে হলে কঠিন টার্গেট টপকাতে হবে আমাদের। এমন মানসিকতা নিয়েই খেলতে নামবো।’
ফাইনালে উঠার চ্যালেঞ্জ নেয়ার পাশাপাশি জয় নিয়েই বেশি ভাবছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, ‘আমাদের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো- জয়। অবশ্য না জিতলেও, কম ব্যবধানে হারলেও আমরা ফাইনালে যাবো। তারপরও আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামবো। যাতে বড় কোন চ্যালেঞ্জের মুখে না পড়তে হয় আমাদের।’
লিগ পর্বের প্রথম রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার। নারাইন-পোলার্ড নৈপুন্যে ৪ উইকেটে ম্যাচটি জিতেছিলো ক্যারিবীয়রা। অবশ্য দ্বিতীয় রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি দক্ষিণ আফ্রিকা। আমলা-তাহিরের পারফরমেন্সে ১৩৯ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে প্রোটিয়ারা।
