'সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে'

আপডেট : ২৪ জুন ২০১৬, ১২:২২
 
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'স্বাধীন দেশের লাল সবুজ পতাকা নুইয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। ভারসাম্য হারালে কোনো বস্তু স্থিতিশীল থাকতে পারে না। সরকার ভারসাম্য হারিয়ে ফেলেছে। যেমন ধরুন- কারাগারে মানব বিপর্যয়। এটা এ ভারসাম্যহীনতার নিদর্শন।'
 
শুক্রবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, সরকারি ক্ষমতায় গায়ের জোরে মাহমুদুর রহমানকে আটক রেখেছে। মিথ্যা বানোয়াট চক্রান্ত কাহিনী করে প্রবীন সাংবাদিক শফিক রেহমানকেও আটক করে রেখেছে।
 
ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রী সবসময় আক্রমণমূলক কথাবার্তা বলেন। কোনো সংযত আচরণ দেখান না। গত কয়েকদিনে পাইকারি গ্রেফতারে জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে সরকার। তারা (সরকার) স্বাধীনতা অন্যর কাছে বন্ধক দিয়ে ক্ষমতায় পাকাপোক্ত করার চেষ্টা।
 
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।