আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সমালোচনা করলেন লিওনেল মেসি।দলের নিউ জার্সিতে যাওয়ার ফ্লাইটে দেরি হওয়ায় হতাশ সমালোচনা করেন তিনি। বৃহস্পতিবার আর্জেন্টিনা দল বিমানে করে হিউস্টন থেকে নিউ জার্সিতে যায়।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে আর্জেন্টিনা অধিনায়ক মেসি তার হতাশা প্রকাশ করেন। তিনিবলেন, ‘গন্তব্যের জন্য যাত্রায় আরও একবার বিমানে দেরি। এএফএর কী ব্যর্থতা। হায় ঈশ্বর!’
বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায় নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির মুখোমুখি হবে জেরার্ডো মার্টিনোর দল।
মেসির এই সমালোচনার পর এএফএ এক বিবৃতিতে জানায়, আবহাওয়ার সমস্যার কারণেই ফ্লাইট দেরি হয়েছে। ফ্লাইটের সব সূচি কোপা আমেরিকার শতবর্ষী আসরের আয়োজকরা করছে বলেও উল্লেখ করে তারা।
