ভারতের নতুন কোচ হিসেবে বৃহস্পতিবার অনিল কুম্বলের নাম ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ ছিলেন রাহুল দ্রাবিড়! ধোনি-কোহলিদের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব প্রত্যাখান করেন দ্রাবিড়।
এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারতীয় দলের কোচ হতে দ্রাবিড়কে অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি রাজি হননি। বলেছেন জুনিয়র দলের সঙ্গেই কাজ করবে। সিনিয়র দলের দায়িত্ব, অনেক টাকা এসবের কোনওটার পেছনেই তিনি যাননি। জুনিয়র দলের হয়েই তিনি কাজ করতে চেয়েছেন।’
৫৭ জন আবেদনপ্রার্থীর ভেতর থেকে ২১ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়। এরপর সেখান থেকে কুম্বলের নাম সুপারিশ করেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার ও ভিভিএস লক্ষ্মণকে নিয়ে গঠিত পরামর্শক কমিটি।
