উইম্বলডন থেকে আজারেঙ্কার নাম প্রত্যাহার

আপডেট : ২৪ জুন ২০১৬, ২০:১৫
ইনজুরির কারণে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে খেলবেন না বেলারুশের টেনিস তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। হাঁটুর ইনজুরির কারণে আসন্ন উইম্বলডন থেকে আজারেঙ্কা নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
 
বৃহস্পতিবার টুইটারে এই তথ্য প্রকাশ করে উইম্বলডন কর্তৃপক্ষ। উইম্বলডন জানায়, ‘হাঁটুর ইনজুরির কারণে আসন্ন টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আজারেঙ্কা। আমরা দ্রুত তার আরোগ্য কামনা করছি।’
 
কিছুদিন আগে শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে হাঁটুর ইনজুরিতে পড়েন আজারেঙ্কা। ফলে ঐ রাউন্ড না খেলেই টুর্ণামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। সেই ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি আজারেঙ্কা। ফলে উইম্বলডনও খেলা হচ্ছে না তার।
 
ক্যারিয়ারে দু’বার উইম্বলডনের সেমিফাইনালে খেলতে পেরেছেন আজারেঙ্কা। ২০১১ সালে অষ্টম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হন তিনি। আর ২০১২ ষষ্ঠ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন আজারেঙ্কা। 
 
টেনিস ক্যারিয়ারে এখন পর্যন্ত দু’বার গ্র্যান্ড স্ল্যাম জিততে পেরেছেন আজারেঙ্কা। ২০১২ ও ২০১৩ সালে শিরোপার স্বাদ নেন তিনি।