আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বাংলাদেশের বিচার ব্যবস্থার আধুনিকায়নে রাশিয়া সরকারের সহযোগিতা চেয়েছেন।
তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বুধবার রাশিয়ান ফেডারেশনের বিচারমন্ত্রী আলেকজান্ডার নভালভের সাথে এক বৈঠকে এ সহযোগিতা চান। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয, ওই বৈঠকে বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশই দুর্নীতি প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি প্রয়োগে একমত পোষণ করে। বৈঠকে উভয় দেশের বিচার মন্ত্রী দুর্নীতি রোধের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
আইনমন্ত্রী আনিসুল হক রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে এ বৈঠকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত সরকারের সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এসময় তিনি সমাজ থেকে দুর্নীতি দূরকরণে এবং সুশাসন বাস্তবায়নে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাশিয়ার বিচারমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা আধুনিকায়নে রাশিয়া সরকারের সহযোগিতা চান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহিদুল হকসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইনমন্ত্রী আনিসুল হক জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) ৭ম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে অস্ট্রিয়ায় অবস্থান করছেন। ভিয়েনায় আয়োজিত পাঁচ দিনব্যাপী এ অধিবেশন গত ২০ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন শেষ হয়। আইনমন্ত্রী আগামী ২৭ জুন সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। খবর- বাসস।
