চলমান ইউরো চ্যাম্পিয়ন্সশিপের গ্রুপ পর্বে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার অবস্থা যেন ঠিক বিপরীত। হোঁচট খেতে খেতে তিন ম্যাচেই ড্র করে শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগিজরা। পক্ষান্তরে, গত দু’বারের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে নক-আউট পর্ব খেলতে নামছে ক্রোয়েশিয়া। তবে শেষ আটে ওঠার লড়াইয়ের আগে আত্মবিশ্বাসের অভাব নেই পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর মনে। ফ্রান্সের লঁসে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ক্রোয়েশিয়া-পর্তুগাল মধ্যকার শেষ ষোলোর ম্যাচটি।
পর্তুগালকে গ্রুপ পর্বে অনেক ধাক্কা খেতে হয়েছে। তবে এবারের ইউরোতে তাদেরকে বিস্ময় উপহার দেয়ার দিন শেষ হয়ে গেছে বলে মনে করেন দেশটির তারকা ফরোয়ার্ড রোনালদো। আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইউরো অভিযান শুরু করে পর্তুগাল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে পড়ে গিয়েছিল কোচ ফার্নান্দো সান্তোসের দল।
গত বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় হাঙ্গেরির বিপক্ষে তিন বার পিছিয়ে পড়েও রোনালদোর নৈপুণ্যে ৩-৩ ব্যবধানে ড্র করে পর্তুগাল। মূল্যবান এক পয়েন্ট এনে দিতে জোড়া গোল করার পাশাপাশি ন্যানির গোলটিতে সহায়তা করেন পর্তুগাল অধিনায়ক। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট রাউন্ডে উঠে দলটি। নকআউট পর্বের লড়াই নিয়ে রোনালদো বলেন, ‘আমি মনে করি না, ইউরোপিয়ান ফুটবলে আর বেশি বিস্ময় আছে। গ্রুপ পর্বে হয়ত বিস্ময় থাকতে পারে কিন্তু বড় দেশগুলো সব সময়ই ফাইনালে পৌঁছায়।’
শেষ ষোল’র ম্যাচটিতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি বলে মনে করেন রোনালদো। স্পেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে আসা ক্রোয়েশিয়াকে কঠিন দল বলেও মানছেন তিনি— ‘ক্রোয়েশিয়া কঠিন দল, ভালো খেলোয়াড় আছে। তাছাড়া সব দলই স্পেনকে হারাতে পারে না। আমরা তাদের সমীহ করছি। কিন্তু আমরা আমাদের শক্তি সম্পর্কে জানি।’
পর্তুগালও চ্যালেঞ্জ জয় করে ভালো কিছু পেতে পারে বলে মনে করেন রোনালদো, ‘আমি মনে করি, চ্যালেঞ্জের জন্য পর্তুগাল যথেষ্ট ভালো। বিশ্বের সেরা লিগগুলোতে খেলা বড় সব খেলোয়াড় আছে পর্তুগালের। তাই কেন নয়?’ শেষ ষোল লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদের তারকাটি আরো বলেন, ‘এখন মাঠে আমাদের সংঘবদ্ধ থাকতে হবে এবং আশা করি যে ভাগ্য আমাদের সঙ্গে থাকবে। আমাদের ভালো খেলোয়াড় আছে, ফার্নান্দো সান্তোস একজন ভালো কোচ এবং আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’ নক-আউট পর্বে নামার আগে তিনবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদো তার ব্যক্তিগত লক্ষ্যের কথাও জানালেন, ‘আমি সব সময়ই বলেছি, দেশের হয়ে বড় একটি শিরোপা জয় করা আমার ব্যক্তিগত একটি স্বপ্ন। আমি আমার ক্যারিয়ারে অনেক বড় শিরোপা জিতেছি, যত বড় শিরোপা জেতা যায় তা জিতেছি, কিন্তু দেশের হয়ে একটি শিরোপা জেতা সব সময়ই গুরুত্বপূর্ণ।’—সুপার স্পোর্টস
জেনেনিন :
: ক্রোয়েশিয়া এই নিয়ে দ্বিতীয়বার বড় কোনো প্রতিযোগিতার গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অর্জন করলো। এর আগে ২০০৮ সালের ইউরোতে এমন কৃতিত্ব দেখায় দলটি। ওইবার তাদের ইউরো মিশন শেষ হয়েছিল কোয়ার্টার ফাইনালে তুরস্কের কাছে পেনাল্টিতে হেরে।
: ক্রোয়েশিয়া ইউরোতে গত ১০ খেলার একটিতে মাত্র হেরেছে। তাদের সর্বশেষ পরাজয়টা ২০১২ সালের আসরে স্পেনের বিপক্ষে, ১-০ গোলে। দলটি বাকি ৯ খেলার মধ্যে ছয়টিতে জয় পেয়েছে, ড্র হয় তিনটি ম্যাচ।
: বড় কোনো টুর্নামেন্টের মধ্যে ১৯৯৮ সালের বিশ্বকাপ আসরেই ক্রোয়েশিয়া কেবল নক-আউট পর্বের ম্যাচে জয় পেয়েছিল। ওই আসরে নক-আউট পর্বে তিনটি ম্যাচে জয় নিয়ে তৃতীয়স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি।
: পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপের যে সাত আসরে অংশগ্রহণ করেছে—এর সবক’টিতেই নক-আউট পর্ব খেলতে সক্ষম হয়েছে।
: একবারো ইউরো না জিতে প্রতিযোগিতাটিতে রেকর্ড সংখ্যক ম্যাচ খেলা দলটির নাম পর্তুগাল। প্রতিযোগিতাটিতে রেকর্ড ৩১টি ম্যাচ খেলেও শিরোপার দেখা পায়নি তারা।
: বড় কোনো টুর্নামেন্টে ক্রোয়েশিয়া দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলে জড়িত খেলোয়াড় হলেন উইঙ্গার ইভান পেরিসিক। তিনি নিজে করেছেন চারটি গোল, জোগান দিয়েছেন তিনটি গোলের।
: ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্সশিপে পর্তুগালের সর্বশেষ সাত গোলের সবগুলোই এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদো (পাঁচ) এবং ন্যানির (দুই) কাছ থেকে।
