শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, 'আমাদের সবারই দাবি এমপিওভুক্তি। এটা একটা বড় সমস্যা। আর সমস্যা থাকলেও সমাধান বের করতে হবে, আমরা নানা বিকল্প প্রস্তাব তৈরি করছি এবং কোনো না কোনো পথ আমরা বের করবোই। এতে কোনো সন্দেহ নেই।'
শনিবার জাতীয় সংসদদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য বিশ্বমানের শিক্ষা। শুধু জ্ঞান এবং প্রযুক্তি দিয়ে মাথা ভর্তি করলেই চলবে না। সেই সঙ্গে সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষ তৈরি করতে হবে। নতুন প্রজন্মকে দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রযুক্তি শুধু ভালো কাজেই লাগে না, খারাপও করে। এই যেমন আমাদের ব্যাংকের টাকা চুরি করে নিয়ে গেল। তাই আমাদের লক্ষ্য ভালো মানুষ ও দেশপ্রেমিক মানুষ গড়ে তোলা।
জানুয়ারি মাসেই নতুন বই বিতরণ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা পাঁচটি নৃ-গোষ্ঠীর ভাষায় বই ছাপছি। সেই সঙ্গে মানসম্মত শিক্ষা দিতে প্রায় ১০ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি।
