আত্মকর্মসংস্থানের লক্ষে ১৫৩০৯৮২ জনকে প্রশিক্ষণ

আপডেট : ২৫ জুন ২০১৬, ১৮:২৬
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, 'যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে সরকারের বিগত মেয়াদ থেকে এই পর্যন্ত ১৫ লাখ ৩০ হাজার ৯৮২ জন যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।'
 
তিনি বলেন, 'প্রশিক্ষিত যুবদের মধ্যে থেকে একই সময়ে ৪ লাখ ২৯ হাজার ৫৬৭ জন যুবক ও যুব মহিলাকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে।' প্রতিমন্ত্রী শনিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'এছাড়া যুবদের বেকারত্ব দূরীকরণ ও যুব সমাজকে যুব সম্পদে পরিণত করার জন্য সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।'
 
যুব সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করার উদ্দেশ্যে দেশের ৬৪টি জেলা ও ৪৯৫টি উপজেলায় (১০টি মেট্রোপলিটন ইউনিট থানাসহ) বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণদান, প্রশিক্ষণোত্তর আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের মাধ্যমে স্বাবলম্বীকরণ করা হচ্ছে বলে তিনি সংসদে জানান।
 
এছাড়া, যুব ঋণ প্রদান, দারিদ্র্য বিমোচন ইত্যাদি কর্মসূচি চালু। যুব উন্নয়ন অধিদফতর বেকার যুবদের চাহিদা পূরণে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমন্বয়ে (৩৩+৪১) মোট ৭৪টি ট্রেডে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বলেও তিনি জানান।
 
প্রতিমন্ত্রী বলেন, 'সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে আত্মকর্মসংস্থানে নিয়োজিত যুবদের প্রকল্প স্থাপন ও সম্প্রসারণের জন্য অধিদফতরের ঋণ কর্মসূচির আওতায় ঋণ প্রদান করছে। যুব ক্লাবের মাধ্যমে যুবদের কম্পিউটার প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে ১ হাজারটি যুব সংগঠনকে ১ হাজারটি কম্পিউটার প্রদান করা হয়েছে। এই সব যুব সংগঠনের সহযোগিতায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেকার যুবদের কম্পিউটার-তথ্য প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।'