ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) মাতাতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার রাত ৮টায় এমিরেটসের একটি ফ্লাইটে সাকিব ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।
সিপিএলে সাকিব এবার খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে ভেরায় জ্যামাইকা। জ্যামাইকার দলটিতে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল, লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, পেসার লাসিথ মালিঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল, পাকিস্তানের ইমাদ ওয়াসিমের মতো ক্রিকেটারকে।
আগামী ২৯ জুন সিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠলেও সাকিবদের দল জ্যামাইকা তালাওয়াসের প্রথম ম্যাচ ০২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে ব্যাট-বলে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন সাকিব। পরেরবার অনাপত্তিপত্র নিয়ে বোর্ডের সঙ্গে জটিলতায় না খেলেই দেশে ফিরতে হয় সাকিবকে।
