ফেডারেশন কাপ ফাইনাল, আবাহনীর নবম নাকি আরামবাগের প্রথম

আপডেট : ২৫ জুন ২০১৬, ২১:০১
১৯৮০ সালে মাঠে গড়ায় ফেডারেশন কাপের প্রথম আসর। এরপর গেল ৩৬ বছরে এই টুর্নামেন্টের ২৭টি আসর অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব সর্বোচ্চ ১০ বার শিরোপা জিতেছে।
 
তারা অবশ্য তিনবার যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার জিতেছে আবাহনী লিমিটেড। তিনবার করে শিরোপা জেতার রেকর্ড রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। এ ছাড়া একবার শিরোপা জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
 
২০১৬ সালের ১০ জুন মাঠে গড়ায় ওয়ালটন ফেডারেশন কাপ। যোগ্যতার প্রমাণ দিয়ে ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। সাড়ে ৩টা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।
 
আবাহনী এর আগে ৮ বার শিরোপা জিতলেও আরামবাগ কখনো শিরোপা জয়ের স্বাদ পায়নি। অবশ্য ১৯৯৭ ও ২০০১ সালে তারা দুইবার ফাইনাল খেলেছিল। ১৯৯৭ সালে আবাহনীর কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। আর ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৩-০ ব্যবধানে হেরে শিরোপা জয়ের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয় তারা। ১৫ বছর পর ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া সংঘ। এবার আবাহনীকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের স্বাদ নিতে পারে কিনা তারা সেটাই দেখার বিষয়।
 
ঢাকা আবাহনীও ২০১০ সালের পর ফেডারেশন কাপের শিরোপা জিততে পারেনি। ৬ বছর আগে অতিরিক্ত সময়ে শেখ জামালকে ৫-৩ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এরপর আর ফেডারেশন কাপের শিরোপার মুখ দেখেনি আকাশী-নীল জার্সিধারীরা। এবার তারাও শিরোপা জিততে মরিয়া।
 
সবকিছু মিলিয়ে এখন দেখার বিষয়- আবাহনীর নবম নাকি আরামবাগের প্রথম শিরোপা জয় হয়।