'উৎপাদন ও সরবরাহ বন্ধ করা গেলে মাদকাসক্তি কমানো সম্ভব'

আপডেট : ২৫ জুন ২০১৬, ২১:১৮
মাদকাসক্তির বিষয়টি এখন আর কোন ব্যক্তিগত সমস্যার মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'এটি এখন জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা। এজন্য মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আন্তঃদেশীয় সহযোগিতার প্রয়োজনীয়তা আবশ্যক।'
 
মো.আবদুল হামিদ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের প্রাক্কালে আজ এক বাণীতে এ কথা বলেন। তিনি বলেন, 'বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল ২৬ জুন রবিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মাদকাসক্তি একটি বহুমাত্রিক একটি সামাজিক সমস্যা।
 
তিনি বলেন, সমাজের অর্থলোভী ও অবিবেচক মানুষের সৃষ্ট এই সমস্যা পরিবার এবং সমাজের শান্তি ও শৃঙ্খলাকে চরমভাবে বিঘ্নিত করে। বিশেষ করে তরুণদের একটি অংশের মধ্যে মাদকাসক্তির প্রবণতা লক্ষণীয়।
 
মো.আবদুল হামিদ তরুণদেরকে একটি জাতির প্রাণশক্তি এবং ভবিষ্যৎ কর্ণধার হিসেবে অভিহিত করে বলেন, 'তাদের সুরক্ষিতের জন্য আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মাদকের অপব্যবহার রোধ করতে হবে। মাদকের সরবরাহ হ্রাসের পাশাপাশি মাদক সেবনের কুফল সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।'
 
মাদকের অবৈধ উৎপাদন ও সরবরাহ বন্ধ করা গেলে মাদকাসক্তির সংখ্যাও কমানো সম্ভব বলে মন্তব্য করে রাষ্ট্রপতি বানীতে বলেন, 'ছেলেমেয়েদের মাদকের ছোবল থেকে মুক্ত রাখতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও কঠোর পদক্ষেপ নিতে হবে।' খবর- বাসস।