আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সঞ্জয় বাঙ্গার। আর ফিল্ডিং কোচ হিসেবে অভয় শর্মার নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
শনিবার বিসিসিআইর দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে আলোচনার পর ভারতীয় দলের ২০১৬ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিসিসিআই মি: সঞ্জয় বাঙ্গারকে সহকারী কোচ (ব্যাটিং) এবং মি: অভয় শর্মাকে সহকারী কোচ (ফিল্ডিং) নিয়োগ দিয়েছে।’
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেন সাবেক অলরাউন্ডার বাঙ্গার। এর আগে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু এ বছর নিজ মাঠে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শেষে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এছাড়া বর্তমানে তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কিংস একাদশ পাঞ্জাবেরও কোচের দায়িত্ব পালন করছেন।
ফিল্ডিং কোচের দায়িত্ব পাওয়া অভয় ইতোপুর্বে ভারত অনুর্ধ- ১৯, ভারত এবং অবশিষ্ট ভারত একাদশের কোচের দায়িত্ব পান করেছেন। এ ছাড়া সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সফরেও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
আগামী জুলাই-আগস্টে চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ভারতীয় দল। দলটির প্রধান কোচের দায়িত্ব পাওয়া অনিল কুম্বলেরও প্রথম এসাইনমেন্ট হবে ক্যারিবীয় সফর।
