ময়মনসিংহে স্বামী-স্ত্রী হত্যা মামলায় আসামির ফাঁসি

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৫:৫৪
ময়মনসিংহ শহরের আলোচিত স্বামী-স্ত্রী হত্যা মামলায় আসামি গোলাম মোস্তাফার মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন একমাত্র আসামি গোলাম মোস্তফার বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
 
পুলিশ জানায়, বিগত ১৪ সালের ১৩ জুলাই রাত ১১টার সময় শহরের আকুয়া গরুর খোয়ার এলাকার অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা আব্দুল হকের বাসায় ডুকে পূর্বশত্রুতার জের ধরে আসামি গোলাম মোস্তফা গৃহকর্তা আব্দুল হক ও স্ত্রী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা রায়হাতুননেছাকে দা দিয়ে গলা কেটে হত্যা করে।
 
হত্যা করে ঘাতক গোলাম মোস্তফা পালিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যপারে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে কোতয়ালী থানা পুলিশ চূড়ান্ত চার্জশিট প্রদান করলে মামলার বিচারক এ রায় ঘোষণা করেন।
 
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভোকেট ওয়াজেদুল ইসলাম। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট বিশ্বনাথ পাল।