বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অতিরিক্ত ১৫ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। এই নিয়ে দেশের স্বাস্থ্যসেবা খাতে বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ ৫০ কোটি ডলার (৫০৮.৯ মিলিয়ন ডলার) ছাড়িয়েছে।
বিশ্বব্যাংকের বরাদ্দকৃত এই অর্থ টিকাদান কর্মসূচী, প্রসূতি সেবা ও যক্ষ্মা প্রতিরোধ ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারকে সহায়তা করবে বলে সংস্থাটির বিবৃতিতে বলা হয়। বাংলাদেশ ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত সময়ে শিশু মৃত্যুহার ২৯ শতাংশ কমিয়েছে। এছাড়া দক্ষ পেশাদারদের মাধ্যমে শিশু জন্মের হার ২১ শতাংশ থেকে বেড়ে ৪২ শতাংশ হয়েছে।
বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো বলে পরিচিত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের দেয়া এই ঋণ বাংলাদেশ পরিশোধ করবে ৩৮ বছরে, সঙ্গে আরো ৬ বছর বাড়তি সময়ও দেয়া হবে। এই ঋণের সুদের হার মাত্র ০.৭৫ শতাংশ।
