ভেজাল আচার ও লজেন্স তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানের ৩ লক্ষ টাকা জরিমানা

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৬:৫৯
অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে  নিম্নমানের ভেজাল আচার ও লজেন্স তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে তিনলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটির বিএসটিআই এর অনুমোদন নেই বলে জানা গেছে।
 
রবিবার বিকালে ঢাকা জেলা প্রশাসন, ১-এপিবিএন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমা আদালত পরিচালনা করা হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, লালবাগের শহীদনগর এলাকায় আয়েশা আসমা ফুড প্রোডাক্টস দীর্ঘদিন যাবত নোংরা পরিবেশে বিএসটিআই এর অনুমোদন ব্যতিরেকে আচার তৈরি করে আসছে। সামগ্রিক পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর মনে হয়। ফ্যাক্টরিতে বিড়ালের মলমূত্র পাওয়া যায় এবং পণ্যে উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেয়া ছিল না। সার্বিক বিবেচনায় প্রতিষ্ঠানটির মালিক জাহাঙ্গীর আলমকে দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
 
কাজল লজেন্স ফ্যাক্টরি অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে লজেন্স ও ক্যান্ডি তৈরি করছিল। প্রতিষ্ঠানটির মালিক রাজু আহমেদ কে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ১- এপিবিএন এর এএসপি আমরিন খাইরুল জানান, প্রতিষ্ঠান দুটিকে দীর্ঘদিন নজরদারী করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
শিশুদের জন্য খাবারগুলো অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হিসেবে প্রতীয়মান হয়।প্রায় বিপুল পরিমাণে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আচার ও লজেন্স জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। রমজান ও ঈদ উপলক্ষে এ ধরণের প্রতিষ্ঠানগুলোকে কড়া নজরদারির মধ্যে রেখে অভিযান অব্যাহত রাখা হবে। 
 
অভিযান শেষে প্রতিষ্ঠান দুটোকে স্বাস্থ্যকর উপায়ে আচার ও লজেন্স প্রস্তুতের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএসটিআই ফিল্ড অফিসার নভেরা বিনতে নূর।