নেত্রকোনার পৌরবাসীদের সড়কপথে চলাচলের সুবিধার জন্য ড্রেনের উপর নির্মিত ফুটপাত ঠিকাদারের গাফিলতির কারণে যথাসময়ে শেষ হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখন নির্মাণাধীন ফুটপাথ সংলগ্ন দোকানঘরগুলো ভেঙে পড়ার সম্মুখীন। পৌরসভা এ কাজ বাস্তবায়ন করছে।
এরই মধ্যে শহরের মোক্তারপাড়াস্থ সুজাদুল ইসলাম খানের একটি ব্যবসা প্রতিষ্ঠান ড্রেনে ভেঙ্গে পড়ে যাওয়ায় তিনি লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হন। সে টাকা ঠিকাদার এখন পর্যন্ত দেননি। এখন বৃষ্টির কারণে ফুটপাথ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। কারণ ড্রেন পানিতে ভরা। পাকা কাজ করা সম্ভব হচ্ছে না। আর এ কারণে ড্রেন সংলগ্ন দোকানঘরগুলো মাটি ধসে যে কোন সময় ভেঙে পড়তে পারে বলে সকল মহল থেকেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সুধিজনের অভিমত হলো ঠিকাদার শুষ্ক মৌসুমে কাজ শুরু না করে বর্ষায় কাজ ধরায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এছাড়া, ড্রেন থেকে যে মাটি তোলা হযেছে, তাও সড়কের উপর রাখায় যান চলাচল যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি জনগণের চলাচলেরও সমস্যা হচ্ছে। যানজন তীব্র আকার ধারণ করেছে।
এ ব্যাপারে নেত্রকোনা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ অবস্থার জন্য ঠিকাদারকেই দায়ী করেছেন। ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কার্যাদেশ পাবার পরই তিনি কাজ শুরু করেছেন।
এদিকে ভুক্তভোগী জনগণ এবং দোকান মালিকরা অবিলম্বে এবং দ্রুত ফুটপাত নির্মাণের কাজ শেষ করে তাদের দোকানঘরগুলো ভাঙনের হাত থেকে রক্ষার জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
