শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর নতুন এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।
সোমবার সংসদে সরকারি দলের বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ২৬ হাজার ৮৪টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমান মহাজোট সরকারের বিগত মেয়াদে ২০১০ সালে এক হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তীতে এ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সংশোধিত বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সরকার প্রদত্ত জাতীয় বেতন স্কেল-২০১৫’র আলোকে নির্দেশিকাটি অধিকতর সংশোধনের প্রয়োজন হওয়ায় এটির সংশোধনের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ পাওয়ার পর নির্দেশিকাটি শিগগিরই চূড়ান্ত করা হবে। পরবর্তীতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ নির্দেশিকার অনুসরণে বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরীখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।-বাসস।
