গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, 'পরিকল্পিত রাজধানী গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর আবাসিক এলাকাসমূহে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে আবাসিক বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।'
তিনি আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে বলেন, গত ৪ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, আবাসিক প্লটের বেজমেন্ট বা ভূ-তলের গাড়ি পার্কিং-এর জায়গা যথাযথ কাজে ব্যবহার নিশ্চিত করতে ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে আবাসিক ভবন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হলে স্থাপনাগুলো উচ্ছেদের জন্য রাজউক ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উচ্ছেদ করা হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, আবাসিক এলাকায় বার লাইসেন্স বাতিলকরণ ও অপসারণ এবং নতুন কোনো লাইসেন্স প্রদান না করার জন্য ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক ব্যবস্থা গ্রহণ করেছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আবাসিক এলাকায় গেস্ট হাউজ, আবাসিক হোটেল বন্ধকরণের জন্য সংশ্লিষ্ট প্লট ও ভবন মালিককে স্ব-উদ্যোগে সেগুলো অপাসরণের জন্য ৬ মাস সময় প্রদান করে রাজউক এবং সিটি করপোরেশন হতে নোটিশ প্রদান করা হচ্ছে। ব্যর্থতায় রাজউক-সিটি করপোরেশন অপসারণের ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, রাজউক আওতাধীন এলাকায় সব অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানে সিটি করপোরেশন কর্তৃক ট্রেড লাইসেন্স বাতিলকরণ, অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইউটিলিটি সার্ভিস প্রদানকারী সংস্থা ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবা প্রদান বন্ধ করা এবং যাতে এই অবৈধ প্রতিষ্ঠান কোনো বৈধতার সুযোগ না নিতে পারে এই জন্য জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ট্যাক্স বা ভ্যাট আদায় বন্ধকরণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সচিবের নেতৃত্বে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে।
-বাসস
