প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুর হাই স্কুলকে তিন উইকেটে হারিয়ে শিরোপা জেতে টাঙ্গাইলের স্কুলটি।
লো-স্কোরিং ম্যাচে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯৫ রানে সাত উইকেট হারিয়ে বসে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে রিফাত হাসান ও অন্তর ইসলাম অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে ইনিংসের ১১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন। রিফাত হাসান ৪৪ ও অন্তর ইসলাম ২৪ রানে অপরাজিত থাকেন।
রাজওয়ান হোসেন ও রুপম নন্দী নেন দুটি করে উইকেট। মো: সায়েম ও হুমায়ুন কবির নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৭.৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয় দিনাজপুর হাই স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সজিব কামাল। ২৮ রান আসে মাইনুল ইসলামের ব্যাট থেকে। ৭৩ রানে ৭ উইকেট হারানো দিনাজপুর হাই স্কুলকে মাঝারিমানের সংগ্রহ এনে দেন সজিব ও মাইনুল। অষ্টম উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান যোগ করেন ৫৮ রান।
সুমন মিয়া ও রিফাত হাসান তিনটি করে উইকেট নেন। তানবিন হোসেন ও অন্তর ইসলাম পান নেন একটি করে উইকেট। বলে-ব্যাটে অসাধারণ নৈপুন্য দেখিয়ে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন রিফাত হাসান।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার স্মারক চেক প্রদান করা হয়। রানারআপ দল ট্রফির সঙ্গে পেয়েছেন ২৫ হাজার টাকার স্মারক চেক। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুবুল আনাম ও বিশেষ অতিথি হিসেবে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
