পপ তারকা টেইলর সুইফট সম্ভবত নিজের মনের মানুষ খুঁজে পেয়েছেন। প্রেমিক টম হিডলস্টনের মায়ের সঙ্গে দেখা করে তাদের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছেন এই তারকা।
যুক্তরাজ্যের ডেইলি মেইল বলছে, হিডলস্টনের মায়ের সঙ্গে দেখা করতে নিজের বিলাসবহুল প্রাইভেট জেট বিমানে করে ব্রিটেনে উড়াল দেন সুইফট। এর আগে বৃহস্পতিবার সুইফট তার বাবা-মায়ের সঙ্গে হিডলস্টনকে পরিচয় করিয়ে দেন টেনেসির ন্যাশভিলের বাড়িতে। সুইফটের বাবা-মায়ের সঙ্গে দেখা হওয়ার পরপরই নিজের বাবা-মার কাছে প্রেমিকাকে নিয়ে যান হিডলস্টন।
টমের মা ডায়না হিডলস্টনেরও মনে ধরেছে তার ছেলের পপ তারকা প্রেমিকাকে। ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে দুজনের সাবলীল ভঙ্গীই বলে দিচ্ছে সেটা। যুক্তরাজ্যের সাফোক কাউন্টিতে এই তারকা জুটিসহ হাস্যজ্জ্বল ভঙ্গীতে সময় কাটাতে দেখা গেছে ডায়নাকে। প্রত্যক্ষদর্শী জানিয়েছে, পুরোটা সময় সুইফটের হাত ধরে ছিলেন হিডলস্টোনের মা।
এরপর একটি জাগুয়ার গাড়ি ভাড়া করে সাফোক শহরে নিজের পছন্দের স্থানগুলো প্রেমিকাকে ঘুরে দেখান টম হিডলস্টন। ৩৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা হিডলস্টনের সঙ্গে সুইফটের প্রেম শুরু হয়েছে ক’দিন আগেই। জুনের শুরুতে স্কটিশ ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে নিজের ১৫ মাসের প্রেমের ইতি টানেন সুইফট, এরপর থেকেই হিডলস্টনের সঙ্গে দেখা যাচ্ছে তাকে।
২৬ বছর বয়সী সুইফট তার গানের পাশাপাশি আলাদাভাবে পরিচিত স্বল্পদৈর্ঘ্য প্রেমের জন্য। ১২ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি প্রায় সাত থেকে নয়জন তারকার সঙ্গে প্রেম করেছেন। এদের মধ্যে রয়েছেন জেইক গিলেনহাল, হ্যারি স্টাইলস, জো জোনাস, জন মেয়ার এবং টেইলর লটনারের মত তারকারা।
মজার ব্যাপার হল, বিচ্ছেদের পর সাবেক প্রেমিকদের নিয়ে গান লিখেন সুইফট। তার প্রতিটি অ্যালবামে কোন না কোন সাবেক প্রেমিককে উৎসর্গ করা গান রয়েছে। তবে প্রথমবারের মত কোন প্রেমিকের মায়ের সঙ্গে দেখা করেছেন এই গায়িকা। তাই ধারণা করা হচ্ছে এবার মনের মানুষ খুঁজে পেয়েছেন তিনি, হয়ত শিগগিরই শোনা যাবে বিয়ের বাদ্য।
