ক্ষতিপূরণের আদেশ স্থহিত চেয়ে ট্যানারি মালিকদের আবেদন

আপডেট : ২৭ জুন ২০১৬, ২২:২২

রাজধানীর হাজারীবাগে থাকা ১৫৪ ট্যানারি সাভারে না সরানো পর্যন্ত পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক ট্যানারি মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। 

 

আপিলে হাইকোর্টের আদেশ স্থগিতের পাশাপাশি সাভারে ট্যানারি স্থানান্তরের জন্য সময় চাওয়া হয়েছে।

 

ট্যানারি শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায়  এ আপিল করা হয়। মঙ্গলবার আপিল বিভাগের অবকাশ কালীন চেম্বার জর্জ আদালতে এই লিভ টু আপিলের ওপর শুনানি হতে পারে।

এ ব্যাপারে রিটকারী সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ ইত্তেফাককে বলেন, জরিমানা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন ট্যানারি মালিকরা।

গত ১৬ জন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ রাজধানীর হাজারীবাগে থাকা ১৫৪ ট্যানারি সাভারে না সরানো পর্যন্ত পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক ট্যানারি মালিককে প্রতিদিন ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার আদেশ দেন।

এছাড়া হাজারীবাগের ট্যানারি বর্জ্য বুড়িগঙ্গায় যাওয়ায় প্রতিদিন পরিবেশের কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা নিরূপণ করে ১৭ জুলাইয়ের মধ্যে পরিবেশ সচিবকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

২০০১ সালে হাইকোর্ট এক রায়ে হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এরপর ২০০৯ সালের ২৩ জুন আরেক আদেশে ট্যানারি সরানোর জন্য ২০১০ সালের ২৪ ফেব্র“য়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। পরবর্তীকালে সরকারপক্ষের আবেদনে ওই সময়সীমা কয়েক দফা বাড়ানোর পরও ট্যানারি স্থানান্তরের হাইকোর্টের আদেশ বাস্তবায়ন হয়নি।