ঈদ উপলক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৪:৩৮
 
ঈদে ঘরে ফেরা যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় দেশের অন্যতম বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঈদের আগে ঢাকা থেকে যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে এবং ঈদের পরে কর্মস্থলে ফেরার জন্য পুনরায় যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে।
 
মঙ্গলবার ইউএস বাংলা এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
এছাড়া ঈদ উপলক্ষে পর্যটনকে ঘিরে মাত্রাতিরিক্ত পর্যটকদের চাপ থাকায় ঢাকা থেকে কক্সবাজার রুটে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
 
ঈদ পূর্ববর্তী ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর রুটে প্রতিদিন নির্দিষ্ট দুইটি ফ্লাইটের অতিরিক্ত আরো একটি করে ফ্লাইট এবং ঢাকা থেকে রাজশাহী রুটে জুলাইয়ের ১ ও ৩ তারিখে দুটি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
 
ঈদ পরবর্তীতে কর্মস্থলে ফেরার জন্য এই এয়ারলাইন্স ৯ ও ১০ জুলাই যশোর, সৈয়দপুর ও রাজশাহী থেকে ঢাকায় অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।
 
প্রতি বছর ঈদ পরবর্তী পর্যটন নগরী কক্সবাজার উত্সবের নগরীতে পরিণত হয়। ফলে ঈদের পর পর্যটকদের অতিরিক্ত চাপ বেড়ে যায় কক্সবাজারে। পর্যটকদের অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স ৮ ও ১০ জুলাই নির্দিষ্ট ফ্লাইটের অতিরিক্ত দু’টি ফ্লাইট পরিচালনা করবে।
 
বিস্তারিত তথ্যের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের হটলাইন ১৩৬০৫-তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া টিকেট রিজার্ভেশনের জন্য যেকোনো ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস সেন্টারে যোগাযোগ করতে হবে।