অস্ত্র আইনে করা মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে আরো তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ১৩ জুন বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রনিকে পুলিশ প্রতিবেদন পর্যন্ত বা ছয় মাসের অর্ন্তবর্তীকালীন জামিন দিয়েছিলেন।
এরমধ্যে এ মামলায় ১৯ জুন রনির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তখন রনির মুক্তি মেলেনি।
এরপর হাইকোর্টে আবারও জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদন করেন রনি।
মঙ্গলবার হাইকোর্ট তার জামিনের মেয়াদ তিন মাস বৃদ্ধি করেন। এখন তার জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী শ ম রেজাউল করিম।
