খালেদা জিয়াই জঙ্গি নেত্রী : হাছান মাহমুদ

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৪:৪৭
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জঙ্গি নেত্রী বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, যে নেত্রী জঙ্গিদের সঙ্গে নিয়ে বৈঠক করেন, তিনি কি করে বলেন আওয়ামী লীগের মধ্যে জঙ্গি আছে। আপনিও তো জঙ্গিদের আঁচলে আশ্রয় দিয়ে রেখেছেন। আপনিই জঙ্গী নেত্রী। 
 
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হল রুম মিলনায়তনে ‘ধর্মীয় অনুষ্ঠানে খালেদা জিয়ার দেশবিরোধী ষড়যন্ত্রমূলক বক্তব্য-সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
সংগঠনের উপদেষ্টা খন্দকার মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। 
 
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে যত গুপ্ত হত্যা হয়েছে, তার নেতৃত্ব ও অর্থের যোগান দিয়েছেন খালেদা জিয়া। এখন সারা দেশে গুপ্ত হত্যার জন্য যে সকল আসামি ধরা পড়েছে তারা সবাই শিবির ক্যাডার। 
 
তিনি বলেন, খালেদা জিয়া বোমা মেরে মানুষ পুড়িয়ে বলছেন- প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরাও প্রতিহিংসার রাজনীতি চাই না। দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করতে হলে সবার আগে আপনার উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া। 
 
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরো বলেন, যারা জীবন্ত মানুষ পুড়িয়ে মারে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তাই সরকারকে বলবো, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। 
 
বাসস।