চট্টগ্রামে প্রবাসী স্ত্রী হত্যায় ২ আসামির যাবজ্জীবন

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৫:৩৬
 
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মোহিতুল হক এনাম চৌধুরী এই রায় ঘোষণা করেন। 
 
আসামিরা হলেন- মো. শহিদুল ইসলাম ইলিয়াছ ও আব্দুল মান্নান। জামিন পাওয়ার পর থেকে তারা পলাতক রয়েছেন।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানান, এই মামলায় নিশান ওরফে ইশান নামে ১৬ বছর বয়সী আরেক আসামির বিচার চলছে শিশু আদালতে। সেও পলাতক রয়েছে। 
 
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়া থানার রসুলবাগ এলাকায় এক প্রবাসীর স্ত্রী খতিজা বেগম বেবীকে বাসায় ঢুকে হত্যার পর মালামাল লুট করা হয়। ঘটনার দিনই বেবীর ছোট ভাই মো. ইউনূস অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন। ২০১২ সালের ২৩ নভেম্বর পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।