বাজেট নিয়ে সমালোচনা থাকলেও বক্তৃতার জন্য অশীতিপর আবুল মাল আবদুল মুহিতকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘অর্থমন্ত্রী হাসিতে হাসিতে আশি পার করেছেন। এই সংসদে ৯০ পাতার একটি বাজেট পেশ করেছেন। অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল ভাষায় বাজেট দিয়েছেন। তার বাজেট ঘোষণায় আমি বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছি। এজন্য তাকে ধন্যবাদ জানাই।’
মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় দাঁড়িয়ে এই প্রশংসা করেন সংসদে বিরোধী দলটির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ, যার শাসনামলে দুই বার বাজেট দিয়েছিলেন মুহিত। বক্তব্যে এরশাদ তার সরকারে মুহিতের অংশগ্রহণের কথা তুলে ধরে বলেন, ‘উনি আমার সময়ে অর্থমন্ত্রী ছিলেন।’
এরশাদ মুহিতের সঙ্গে তুলনা করে আরো বলেন, ‘তবে আমি কিন্তু হাসিতে হাসিতে আশি পার করতে পারিনি। জেল-জুলুমসহ সব ধরনের অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। এমন কোনো অত্যাচার নেই, যা আমার ওপর প্রয়োগ হয়নি। তা সত্ত্বেও বেঁচে আছি। দাঁড়িয়ে আছি। আমি শক্তভাবে দাঁড়িয়ে সংসদে বক্তব্য রাখছি।’
