রবি শাস্ত্রীকে কোচ চাননি গাঙ্গুলি

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৬:৫১
ভারতীয় জাতীয় দলের কোচ পদে নিয়োগ পেয়েছেন সাবেক গ্রেট স্পিনার অনিল কুম্বলে।  সম্ভাবনা ছিল রবি শাস্ত্রীরও।  তবে শেষ পর্যন্ত কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে পড়েন সাবেক এই অধিনায়ক।
 
আর এজন্য উপদেষ্টা কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলিকে পরোক্ষভাবে দায়ী করলেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘আমার সাক্ষাৎকার গ্রহণের সময় গাঙ্গুলি উপস্থিত ছিলেন না। তার সঙ্গে আমার কি সমস্যা আমি জানি না। আর গত সপ্তাহের ব্যাপারটিই আমাকে হতাশায় পোড়াচ্ছে।’
 
কোচ পদে ৫৭ জন প্রার্থীর মধ্যে কুম্বলে, শাস্ত্রী ও টম মুডি ছিলেন ওপরের সারিতে। আর কোচ বাছাইয়ে মূল ভূমিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণ।  কিন্তু ভারতীয় কোচ না হতে পেরে শাস্ত্রী জানান, তার সাক্ষা‍ৎকারের সময় সৌরভ উপস্থিত ছিলেন না।
 
শাস্ত্রী ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন। এ সময় তিনি ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে ম্যাচ খেলেন। ২০১৪ সাল থেকে তিনি ভারতীয় দলে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।