জামালপুরে দুই জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ২৮ জুন ২০১৬, ১৮:০৩
বিস্ফোরকসহ গ্রেপ্তারের নয় বছর পর সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি আদালত।
 
মঙ্গলবার যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সরিষাবাড়ীর সাতপোয়া গ্রামের মৃত ইউনুস আলী মৌলভির ছেলে হাবিবুর রহমান ইউসুফ (৩১) ও সদর উপজেলার কুমারগাতী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে কামরুল হাসান (৩৬)। রায়ের সময় দুজনেই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
 
মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. এনামুল হক জানান, ২০০৭ সালের ২১ মার্চ সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার থেকে বিস্ফোরকসহ হাবিবুর রহমান ইউসুফ ও কামরুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।