বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের শেষ আটে জায়গা করে নিয়েছে ইতালি। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। জার্মান কোচ জোয়াকিম লো মনে করেন চার বছর আগের ইতালি দলের চেয়ে বর্তমান দলটি বেশি শক্তিশালী। ওই আসরে ফাইনালে ওঠেছিল আজ্জুরিরা।
নক আউট পর্বে স্লোভাকিয়াকে হারিয়ে শেষ আটের টিকিট পাওয়া বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আগামী শনিবার বর্দুতে মুখোমুখি হবে ইতালীর। দলটির প্রতি আক্রমণের দক্ষতায় কিছুটা হলেও শঙ্কিত জার্মান কোচ।
এবারের আসরে ইতালি এ পর্যন্ত পরাজিত করেছে বেলজিয়াম, সুইডেন ও স্পেনের মত ডাকসাইটে দলকে। যদিও এরই মধ্যে তারা হার মেনেছে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের কাছে। তাই লোর চিন্তা জুড়ে রয়েছে ইতালীর দুর্ভেধ্য রক্ষণভাগ। কিভাবে এই রক্ষণবুহ্যকে পরাজিত করা যায়, সেটি নিয়েই এখন ছক আঁকছেন জার্মান কোচ।
তিনি বলেন, ‘আমি এখন এই ম্যাচটি নিয়েই বেশি ভাবছি। ইতালি চিত্তাকর্ষক খেলা উপহার দিয়েছে। রক্ষণভাগেও তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। আক্রমণভাগেও ধার রয়েছে। দলটি ২০১২ সালের চেয়ে ভাল। এখন আমাদেরকে ইতালির প্রতি আক্রমণ সামাল দিতে হবে এবং এগিয়ে যাবার জন্য ভাল একটি গেম পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ইতালির বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য আমি সামি খেদিরার পরামর্শ নেব। কারণ সে খুবই বিচক্ষণ খেলোয়াড়।’
স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের আগে কাফ ইনজুরিতে ভুগছিলেন জার্মান দলের ডিফেন্ডার জেরোমে বোয়ার্তে। তবে জোড়ালো চিকিৎসা সেবার মাধ্যমে ম্যাচের আগেই সুস্থ করা হয়েছে তাকে। ম্যাচে তিনি শুধু খেলননি, ৩-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে গোলও আদায় করেছেন।
লো বলেন, আমাদের প্রতিটি খেলোয়াড়ই এখন খেলার উপযোগী। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরিগ্রস্ত বোয়েতাংকে নিয়ে নিরলস কাজ করেছে মেডিক্যাল টিম। শেষ পর্যন্ত চমৎকারভাবে তারা তাদের কাজটি সম্পন্ন করেছে।
প্রতিটি খেলোয়াড়ের প্রতি আমার যথেষ্ঠ আস্থা রয়েছে। অনুশীলনে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের গড়ে তুলছে। এই সপ্তাহে আমরা নতুন মাত্রায় খেলার প্রস্তুতি নিচ্ছি। তাই খেলার মাঝখানের এই বিরতি আমাদের জন্য মোটেই অসুবিধার নয়।
