উচ্চাভিলাষী বলে সমালোচনা উড়িয়ে দিয়ে নতুন অর্থবছরের বাজেটকে জাতির জনকের স্বপ্নপূরণের অভিযাত্রায় একটি মাইলফলক বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যয়ের ফর্দ ধরে গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন মুহিত। মাসব্যাপী আলোচনার পর আগামী বছর ওই পরিমাণ অর্থ ব্যয়ের প্রস্তাব বা অর্থবিল বুধবার পাসের আগে সংসদে বক্তৃতায় তিনি বলেন, ‘বাজেটে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে বিস্তারিত কর্মকৌশল সন্নিবেশিত করেছি। প্রস্তাবিত এ বাজেট হচ্ছে উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন পূরণে আমাদের পথচলার ক্ষেত্রে আরও একটি মাইলফলক।’
দ্বিধা ও সংশয় পেছনে ফেলে এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রায় গতিশীলতা সৃষ্টিতে গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনগণের সার্বিক অংশগ্রহণ ছাড়া বাজেটের স্বার্থক বাস্তবায়ন সম্ভবপর নয়।
খবর বিডিনিউজের।
