এসি মিলানের নতুন কোচ মনটেলা

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৬:২৩
দুই বছরের চুক্তিতে এসি মিলানের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাম্পোদোরিয়ার কোচ ভিনসেনজো মনটেলা। সিরি-আ ক্লাব সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 
 
৪২ বছর বয়সী এই ইতালিয়ান ক্রিস্টিয়ান ব্রোচ্চির স্থলাভিষিক্ত হলেন। গত এপ্রিলে সিসিলা মিহাজলোভিচ বরখাস্ত হবার পরে মিলানের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ব্রোচ্চি। গত মৌসুমে মিলান লিগ টেবিলের সপ্তমে থেকে আসর শেষ করে, যে কারনে ইউরোপে খেলার যোগ্যতা হারায়। 
 
এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কোচের দুর্দান্ত ম্যাচ পদ্ধতিতে দারুণ সন্তুষ্ট ক্লাব। আশা করা হচ্ছে ক্লাবের সাথে তার একটি ইতিবাচক ও যথাযথ সম্পর্ক গড়ে উঠবে। মে মাসে জুভেন্টাসের কাছে ইতালিয়ান কাপ ফাইনালে ১-০ গোলে পরাজয়ের পরেই ব্রোচ্চি বুঝে গিয়েছিলেন তিনি চাকরি হারাতে যাচ্ছেন। ২০১৪ সালের জানুয়ারিতে মাসিমিলিয়ানো আলেগ্রি ক্লাব ছেড়ে চলে যাবার পরে বেশ কয়েকজন ম্যানেজারের সান্নিধ্য লাভ করেছে মিলান খেলোয়াড়রা। 
 
সান সিরোতে এই সময়ের মধ্যে এসেছেন ফিলিপ্পো ইনজাগি, ক্লারেন্স সিড্রফ, মিহাজলোভিচ ও ব্রোচ্চি। আসন্ন মৌসুমে সিরি-আ লিগে অন্যতম প্রশংসনীয় তরুণ কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন রোমা ও সাম্পদোরিয়ার সাবেক স্ট্রাইকার মনটেলা। কাতানিয়া, ফিওরেন্তিনা ও নিজের পুরনো ক্লাব সাম্পদোরিয়ায় কাজ করার পরে তিনি মিলানে যোগ দিলেন। গোল.কম।