বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দিবালা

আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:৫১
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনায় যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জুভেন্টাসের ফরোয়ার্ড পাওলো দিবালা। আর্জেন্টিনার এই উঠতি তারকাকে নিতে বার্সেলোনা আট কোটি ইউরোর মতো খরচ করতে রাজি ছিল বলে জানিয়েছে তার এজেন্সি।
 
গত কয়েক মাস ধরে গণমাধ্যমের খবর, দিবালাকে দলে পেতে আগ্রহী বার্সেলোনা। এ বিষয়ে ২২ বছর বয়সী এই খেলোয়াড় নিজে অবশ্য কখনও কিছু বলেননি। গত মৌসুমে জুভেন্টাসকে সিরি আর শিরোপা জেতাতে দলের পক্ষে সর্বোচ্চ ১৯ গোল করেন দিবালা। ইতালির শীর্ষ এই লিগে গত মৌসুমে এটি দ্বিতীয় সর্বোচ্চ গোল।
 
দিবালার এজেন্সি গ্রুপো মাসকার্দির প্রধান গুস্তাভো মাসকার্দি বলেন, এটা সত্যি যে, গত কয়েক মাস ধরে বার্সেলোনা আগ্রহী ছিল- আমার মনে হয়, (তাকে কিনতে) বিয়ানকোনেরি (জুভেন্টাসের ডাক নাম) যা খরচ করেছিল তার দ্বিগুণ প্রস্তাব দিয়েছে বার্সেলোনা।
 
২০১৫ সালে পালেরমো থেকে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন দিবালা। জুভেন্টাসে দিবালার ভবিষ্যৎ প্রসঙ্গে মাসকার্দি বলেন, জুভেন্টাসে তিনি অনেক দিন থাকবেন কি না? দল বদলের বাজারে (অনেক দল) তাকে প্রলোভন দিবে, কিন্তু পাওলো দেখিয়েছে যে তার চিন্তা ভাবনা পরিষ্কার। গোল.কম।