রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার ‘সেঞ্চুরি আবাসিক হোটেল’ থেকে আবদুল্লাহ আল বাকি ওরফে খোকন (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকেলে হোটেলের ৫১৮ নম্বর কক্ষের দরজা ভেঙে নগরীর রাজপাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি ওই কক্ষের বাথরুমে মাথা নিচু করে বসা অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খোকন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কুড়িগ্রামের রায়গঞ্জ শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রামের খলিদবাদ গ্রামের আব্দুর জাব্বারে ছেলে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানুল্লাহ বলেন, গত ২৭ জুন হোটেলের ৫১৮ নম্বর কক্ষে উঠেন খোকন। বুধবার বিকেল ৩টার দিকে হোটেলের এক কর্মচারী তার কক্ষে গিয়ে তাকে ডাকাডাকি করলেও তিনি সাড়া না দিলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, খোকনের ফাইলপত্র ঘেটে তার রাজশাহীতে আসার কারণ জানা গেছে। খোকনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছিল। এ মামলার কারণে তাকে চাকুরিচ্যূত করা হয়েছিল। এ বিষয়ে আপিল করার জন্য তিনি রাজশাহীতে এসেছিলেন।
