আশুলিয়ায় ডাকাতি, অর্থ-স্বর্ণালঙ্কার লুট

আপডেট : ৩০ জুন ২০১৬, ১১:৩৬
সাভারের আশুলিয়ায় এক সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
 
বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া বাড়ির কর্তা শওকত হোসেন একজন সাবেক সেনাসদস্য।
 
জানা গেছে, রাতে বাড়িটির তিনতলার ফ্ল্যাটের কলিংবেল বেজে উঠলে বাড়ির একজন দরজা খুলে দেন। সে সময় সিঁড়ির মধ্যে লুকিয়ে থাকা ১০-১২ সদস্যের একদল ডাকাত ফ্লাটে প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
 
পরে আলমারি ভেঙে নগদ তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে ওই পরিবারের ছয়জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। বাসার লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।