৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৪

আপডেট : ৩০ জুন ২০১৬, ১১:৫৪
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ। 
 
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়াছিন কাজী, মো. সোলেমান, মো. জাকির হোসেন, মো. কাইয়ুম মিয়া। এ সময় তাদের কাছ থেকে ৫১ লাখ ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার জাল টাকার ব্যবসায়ী। তারা নিজেরা জাল টাকা প্রস্তুত করে এবং অন্যান্য জাল টাকা প্রস্তুতকারীদের  কাছ থেকে পাইকারীভাবে জাল টাকা সংগ্রহ করে। পরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। তারা ঈদকে সামনে রেখে ঢাকা শহরসহ আশ-পাশ এলাকায় বিপুল পরিমাণ জাল টাকা সরবরাহ করার পরিকল্পনার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।  
তাদের বিরুদ্ধে বাড্ডা থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।