অস্ট্রেলিয়ার পরামর্শক কোচ হলেন সামারাভিরা

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৩:২৬
 
আগামী মাসে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলের পরামর্শক কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার থিলান সামারাভিরা। ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে সামারাভিরা ৮১টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। প্রাথমিক ভাবে সামারাভিরাকে ন্যাশনাল পারফরমেন্স স্কোয়াডের পরবর্তীর প্রজন্মের ক্রিকেটারদের সঙ্গে কাজ করার দায়িত্ব দেয়া হয়েছে।
 
টেস্ট দলের তিন সদস্য শন মার্শ, এ্যাডাম ভোগেস ও জ্যাকসন বার্ড ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে তরুণ ক্রিকেটারদের সাথে নিজেদের অভিজ্ঞতা আদান প্রদানের সম্মত হয়েছে। সেখানেই সাবেক লঙ্কান ব্যাটসম্যান ও অফ-স্পিনারের সাথে তাদের পারষ্পরিক সমঝোতায় তরুনরা উপকৃত হবে। একই সাথে উপ-মহাদেশের কন্ডিশনে কিভাবে নিজেদের মানিয়ে নেয়া যায় সেটাই সামারাভিরার কাছ থেকে জানা যাবে। এ সম্পর্কে মার্শের বরাত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ব্রিসবেনে আমরা এক সপ্তাহের জন্য অনুশীলনে যাব। সেখানেই আউটডোরে শ্রীলংকা সফরের জন্য প্রস্তুতি শুরু করবো। এখানকার উইকেটটা স্পিন সহায়ক ও উপ-মহাদেশের সাথে অনেকটাই মিলে যায়। নেট সেশনটাও বেশ চ্যালেঞ্জিং হবে বলেই আশা করছি।
 
এ ক্ষেত্রে সামারাভিরা আমাদের সহযোগিতা করতে পারবে। বিশেষ করে কিভাবে স্পিন বোলিংকে মোকাবেলা করতে হয় সেটাই আমরা তার কাছ থেকে পরামর্শ চাইবো। বাসস।