ঘরে ফেরা শুরু, সন্ধ্যার পরে চাপ বাড়বে

আপডেট : ৩০ জুন ২০১৬, ১৬:১৩
 
সরকারি চাকরিজীবীদের টানা নয় দিন ছুটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। তাই চাকরিজীবীদের একটি বড় অংশ আজই ঘরে ফিরতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালগুলোতে চাপ বাড়বে বলে ধারণা পরিবহন সংশ্লিষ্টদের।
 
সকাল থেকেই গাবতলী, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালসহ অন্যান্য বাসস্ট্যান্ড ঘুরে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য বাস টার্মিনালে ভিড় করছেন।
 
এ বিষয়ে হানিফ পরিবহনের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুস সামাদ মণ্ডল সাংবাদিকদের বলেন, সকাল থেকেই চাপ আছে। তবে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের প্রচণ্ড চাপ রয়েছে। মূলত আজকেই সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছেন। মহাসড়কেও তাই এই দিন চাপ বেশি থাকছে।
 

আগামী ২ ও ৩ জুলাই যাত্রীদের চাপ কিছুটা কম হলেও ৪ জুলাই এই চাপ অনেক বেশি বলে জানালেন পরিবহন-সংশ্লিষ্টরা। এই দিন বেসরকারি চাকরিজীবীদের ঈদের আগে শেষ কর্মদিবস। তবে ৫ জুলাই, অর্থাত্ ঈদের আগের দিনের টিকিট ফাঁকা আছে বলে জানালেন তাঁরা।