আগামী সেপ্টেম্বরে প্রায় সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। সেই সফরের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। বৃহস্পতিবার এই দল ঘোষণা করা হয়।
সম্প্রতি ঘরোয়া লিগে পারফরম্যান্স ও ইনজুরি কাটিয়ে ৩০ জনের স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান ও শাহরিয়ার নাফিস। রকিবুল সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০১১ সালে। মূলত ঢাকা লিগে সর্বোচ্চ রান করেই জাতীয় দলে ফিরে আসা রকিবুলের। অন্যদিকে শাহরিয়ার নাফিসও গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ক্রিকেট খেলে চলেছেন। তিনি ২০১১ সালে সর্বশেষ ওয়ানডে খেললেও ২০১৩ সালে টেস্ট খেলেছিলেন।
এছাড়া ইনজুরির কারণে গত এক বছর দলের বাইরে বিশ্বকাপে ইংল্যান্ডবধের নায়ক পেসার রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। যার ফলে ঘরের মাঠে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং ভারতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বিশ্বকাপে খেলা হয়নি তার। ঢাকা লিগে প্রাইম ব্যাংকের হয়ে দারুণ পারফরম্যান্স করে আবার ফিরলেন।
৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। এখানে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলা হবে। সফরটি ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে।
ইংল্যান্ড সফরে ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহরিয়ার নাফিস, রকিবুল হাসান, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, সোওয়ার্দী শুভ, জুবায়ের হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহিদ, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
